সংবাদ শিরোনাম

রায়গঞ্জ থানা কর্তৃক পাম অয়েল আটক ও আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

রায়গঞ্জ থানা কর্তৃক পাম অয়েল আটক ও আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আদর্শ গ্রুপ ও দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে ১৩,৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম অয়েল আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনাকারী আদর্শ ব্রাদার্স ভান্ডারের ট্রেড লাইসেন্স নং  ২৪২৫০০০০১৩২০এবং টিআইএন নম্বর ৭৩৭৪৫৬৮০৬০৫১। প্রতিষ্ঠানটি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে মোট ১৩,৯৫০ কেজি পাম অয়েল (৭৫ ড্রাম), যার বাজারমূল্য ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা, নিজস্ব পরিবহন ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জে আনার পথে নিখোঁজ হয়।

২২ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯ নম্বরে ফোন করার পর জানা যায়, রায়গঞ্জ থানা পুলিশ ট্রাকটি পাম অয়েলসহ আটক করেছে। ওইদিন বিকেলে প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট ম্যানেজারসহ সংশ্লিষ্টরা রায়গঞ্জ থানায় গিয়ে ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান। মৌখিকভাবে ট্রাক ও পণ্য ফেরত চাইলেও থানা কর্তৃপক্ষ উপযুক্ত প্রমাণ আনতে বলে।

আদর্শ ব্রাদার্স ভান্ডার জানায়, পণ্য কেনার সকল চালান, মেমো ও প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দেওয়া হলেও রায়গঞ্জ থানার ওসি কে.এম. মাসুদ রানা ও এসআই ফিরোজ পাম অয়েল ফেরত দিতে টালবাহানা করেন। পরে তারা জানায়, আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে। কিন্তু ২৫ নভেম্বর আদালতে গিয়ে প্রতিষ্ঠানটি জানতে পারে—ট্রাকটি একটি পুরোনো মামলা (মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫) দেখিয়ে জব্দ দেখানো হলেও পাম অয়েল জব্দ তালিকায় নেই।

প্রতিষ্ঠানটি জানায়, প্রতিটি ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো থাকে এবং ২১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে যমুনা সেতু পূর্ব টোল প্লাজায় ড্রামবোঝাই ট্রাক পার হওয়ার ভিডিও ফুটেজও তাদের কাছে সংরক্ষিত আছে। এসব তথ্য প্রমাণ করে যে পাম অয়েলসহ ট্রাকটি রায়গঞ্জ থানায় ছিল।

সংবাদ সম্মেলনে রায়গঞ্জ থানার ওসি কে.এম. মাসুদ রানা ও এসআই ফিরোজের বিরুদ্ধে অবৈধ আটক ও মালামাল আত্মসাতের অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, আদর্শ ব্রাদার্স ভান্ডার চাঁপাইনবাবগঞ্জের কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের এ ধরনের আচরণ ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করছে।

আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ট্রাক ও পাম অয়েল ফেরত প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।