যশোর কারাগারে আটক উজ্জলের মৃত্যু
খুলনা ব্যুরো :
কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস (৩৯) যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জলসহ চারজনকে আটক করা হয়। রাত ৯টার দিকে উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হলে দেখা যায়, তিনি অসুস্থ এবং গণপিটুনির শিকার হয়েছেন বলে নথিতে উল্লেখ ছিল। এরপর তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে উজ্জলের অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায়, তার শরীরে চাপা আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল।
অভিযানকালে উজ্জলের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়। অন্য তিনজন—জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও নতুন মূলগ্রামের রাসেল—এর কাছ থেকেও বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক পাওয়া যায়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।