সংবাদ শিরোনাম

মোংলায় অপারেশনে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

মোংলায় অপারেশনে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

খুলনা ব্যুরো :

বাগেরহাটের মোংলায়  অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা পৌরসভার মাদরাসা রোডের রাব্বি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চিকিৎসক ও ক্লিনিক কর্মীরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

নিহত বৃষ্টি আক্তার (১৯) সিজার করানোর জন্য ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ক্লিনিকে ভর্তি হন। স্বামী রুহুল আমীন জানান, ডা. জিয়াউল আহসান ও ডা. আল-মামুন অপারেশনটি পরিচালনা করেন। অপারেশনে একটি ছেলে সন্তানের জন্ম হলেও কিছুক্ষণ পরই বৃষ্টি মারা যান। পরিবারের দাবি—ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।

রুহুল আমীন অভিযোগ করেন, বৃষ্টির মৃত্যুর পর হাসপাতালের কেউ তাদের কিছু না জানিয়ে দ্রুত ক্লিনিক ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরেই ক্লিনিকটির নিম্নমানের সেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে আসছিল।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অপারেশন পরিচালনাকারী চিকিৎসকদের বৈধ দক্ষতা ও সনদ যাচাইয়ের দাবি জানান। পাশাপাশি ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আর কোনো মৃত্যুর ঘটনা যাতে না ঘটে—সেজন্য ক্লিনিকটি বন্ধের দাবিও তোলেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান জুয়েল জানান, ঘটনাস্থলে গিয়ে রাব্বি ক্লিনিক সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্তে দ্রুত একটি কমিটি গঠন করা হবে। নবজাতক শিশুকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।