কেশবপুরে যৌথ অভিযানে, অস্ত্র–মাদকসহ আটক ৪
খুলনা ব্যুরো :
যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র–মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোগতি গ্রামের আলমগীর (৪০) ও জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের যুবক রাসেল (২২) এবং আলতাপোল গ্রামের উজ্জল (৩৮)।
পুলিশ জানায়, ভোররাতে অভিযানে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি মার্কিন তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং দা, রামদা, খুর, চাপাতিসহ ২০টির বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয় দুটি ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, খালি মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেশবপুর থানা পুলিশ।