গৌরনদীতে ৪ ডাকাতকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকা থেকে চার ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দিবাগত গভীর রাত পৌনে ২টার দিকে পাহারাদারদের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের ধাওয়া করে আটক করা হয়।
আটকরা হলেন—বরিশাল শহরের অশোক, গৌরনদীর নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক, এবং স্বরূপকাঠীর তসলিম। তাদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মধ্যরাতে সিএনজিতে চার যুবককে দেখে সন্দেহ হলে থামানোর চেষ্টা করা হয়। তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয় এবং পরে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।