কুষ্টিয়ায় শিক্ষকদের কর্মবিরতিতে অভিভাবকদের উদ্যোগে পরীক্ষা
খুলনা ব্যুরো :
কুষ্টিয়ার ১৮নং লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বার্ষিক পরীক্ষায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার নির্ধারিত সময়ে শিক্ষকরা পরীক্ষা নিতে না এলে ক্ষুব্ধ অভিভাবকরা নিজেরাই শ্রেণিকক্ষে প্রবেশ করে পরীক্ষা পরিচালনা করেন। খাতা বিতরণ, শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে পুরো পরীক্ষা প্রক্রিয়া তারা হাতে নেন।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা দাবি আদায়ের আন্দোলন করতে পারেন—তবে পরীক্ষার সময় কর্মবিরতি গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, শিক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন নষ্ট হতে দেওয়া যায় না বলেই তারা পরীক্ষার দায়িত্ব নিতে বাধ্য হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুল করিম জানান, অভিভাবকদের চাপ এবং উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে পরীক্ষা নিতে হয়েছে, যেখানে অভিভাবকেরাই সহযোগিতা করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, জেলার ৮০৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৭টির শিক্ষকরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না। আন্দোলনরত শিক্ষকদের তালিকা করা হচ্ছে।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা জানান, ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে।