সাতক্ষীরায় বিজিবির অভিযানে সহস্রাধিক ভারতীয় নেশাদ্রব্য উদ্ধার
খুলনা ব্যুরো :
সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি মোট ১১৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স/উইনসিরিক্স সিরাপ ও ৫ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ ডিসেম্বর বিকেলে দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মহসিন গাজীর নেতৃত্বে বসন্তপুর বেড়িবাঁধ এলাকায় এ্যাম্বুশ পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫ বোতল মদ ফেলে পালিয়ে যায়। টহল দল তাড়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ছাড়া ৪ ডিসেম্বর শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ভাতশালা সুইচগেট এলাকায় আরেকটি অভিযানে ৫২৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। গোপন সূত্রে জানা যায়, স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন কয়েলের ভাই রফিকুল ইসলাম ওরফে নিধা কয়েল এ চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের আটককরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের উপস্থিতিতে ধ্বংস করা হবে। তিনি বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা বৃদ্ধি পেলে মাদক ও চোরাচালান দমন অভিযান আরও কার্যকর হবে।