যশোরে অস্ত্র–মাদক চক্রের মুল হোতা ‘ইন্দুর মামুন’ গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
যশোর সদর উপজেলার মধুগ্রামে বিদেশি অস্ত্র ও গাঁজার বড় চালান উদ্ধার হওয়ার ঘটনায় নেপথ্যের অন্যতম পরিকল্পনাকারী জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সদর উপজেলার সুজলপুর হঠাৎপাড়া এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস বলেন, গত ৩০ নভেম্বর গভীররাতে অস্ত্র, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক বাহককে আটক করা হয়। কক্সবাজারে অস্ত্রের চালান পৌঁছে দেওয়ার জন্য লিটনের ৭০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। পরে জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দীতে লিটন চক্রের মূল ব্যক্তিদের নাম প্রকাশ করেন। সেখানে উঠে আসে ইন্দুর মামুনের নাম—যিনি এই চালানে মধ্যস্থতা ও অর্থ বিনিয়োগ করেছিলেন।
ডিবি পুলিশ জানায়, জবানবন্দীর পর থেকেই মামুনকে গ্রেপ্তারে নানা কৌশল নেয় পুলিশ। অবশেষে গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে সুজনপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এদিকে লিটন আটক হওয়ার রাতেই অস্ত্রচক্রের আরেক অর্থ-সহযোগী, যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার কালা তপন এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিবি। তাকে ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তার ইন্দুর মামুনকে ৪ ডিসেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।