সংবাদ শিরোনাম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে খুলনায় তারুণ্যের উৎসব ও কর্মশালা

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন   |   জেলার খবর

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে খুলনায় তারুণ্যের উৎসব ও কর্মশালা

খুলনা  ব্যুরো :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ এবং প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

প্রধান অতিথি মোখতার আহমেদ বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশের বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা বৃদ্ধি ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নে পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। দেশে উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, এই বৃহৎ জনগোষ্ঠীকে হাতে-কলমে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য। প্রত্যেক মানুষের মধ্যেই অফুরন্ত সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে পারলে জনসংখ্যাই হবে শক্তি, যোগ করবেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।