মহান বিজয় দিবস উদযাপনে কেসিসির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ।
সভায় মুক্তিযুদ্ধে শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন এবং জুলাই ২০২৪-এ আত্মদানকারী শহিদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ কেসিসির সব স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ ভবন, প্রবেশদ্বার, আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালি ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
শিশুদের বিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারী লিনিয়ার পার্ক সারাদিন বিনামূল্যে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়। বিজয় দিবসে সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ বনাম জেলা প্রশাসক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ বিভিন্ন বিভাগের শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।