সংবাদ শিরোনাম

শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে দুটি গোপন গুদাম থেকে বিপুল সার উদ্ধার

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে দুটি গোপন গুদাম থেকে বিপুল সার উদ্ধার

খুলনা ব্যুরো :

ঝিনাইদহের শৈলকূপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটে যৌথবাহিনীর অভিযানে দুইটি গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তি  সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদাম দুটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। যৌথবাহিনী দরজা ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ ইউরিয়া ও ডিএপি সার উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন গুদাম দুটি বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শুরু হওয়ার আগেই নোমান পারভেজ গুদাম ও বিক্রয় কেন্দ্র বন্ধ রেখে সটকে পড়েন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, কয়েক সপ্তাহ ধরে বাজারে সার সংকট ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সার কিনতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। অভিযানের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিপণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।