সংবাদ শিরোনাম

চিতলমারীতে আদালতের উদ্ধারকৃত জমি ফের দখলের অভিযোগ

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর

চিতলমারীতে আদালতের উদ্ধারকৃত জমি ফের দখলের অভিযোগ

খুলনা ব্যুরো :

বাগেরহাটের চিতলমারীতে আদালতের নির্দেশে ২২ বছর পর উদ্ধার করা জমি আবারও দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ওই জমির মালিক বাজার ব্যবসায়ী মো. আশরাফ আলী মীর (৬৭)।৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চৌদ্দহাজারী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আশরাফ আলী জানান, ২০০০ সালে চিতলমারী বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ২৪ শতক জমি তিনি বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে মৃত মোসলেম আলী শেখের ছেলে মো. বাদশা আলম বলপ্রয়োগে জমিটি দখলে নেন। এ ঘটনায় ২০০৩ সাল থেকে বিভিন্ন সময়ে মোট তিনটি মামলায় আদালত তার পক্ষে রায় দেন। সবশেষ ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতের নির্দেশে উপজেলা প্রশাসন ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে জমি তার কাছে বুঝিয়ে দেয় এবং স্থাপনার ৩৬টি ঘরে তালা ঝুলিয়ে চাবি তার হাতে তুলে দেয়।

অভিযোগ করে তিনি বলেন, “রাতে আমাকে ও পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। আমি লুকিয়ে পড়লে পরদিন বাদশা আলমের লোকজন তালা ভেঙে আবারও ঘরে ঢুকে যায়।”

অভিযুক্ত বাদশা আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “২০০২ সাল থেকে ক্রয়সূত্রে আমি ওই জায়গায় বসবাস করছি। কেউ কখনো আমার ঘরে তালা দেয়নি।”

আশরাফ আলীর আইনজীবী গোলাম মর্তুজা মোহাম্মদ সোহেল বলেন, “আদালতের নির্দেশে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরও পুনর্দখল আদালত অবমাননার শামিল।”

চিতলমারী থানার ওসি রোকেয়া খানম বলেন, “উদ্ধার কার্যক্রমে পুলিশ মোতায়েন ছিল। পুনর্দখলের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।