রায়পুরা চরাঞ্চলে জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত প্রাণতোষ কর্মকার ওই ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারে জুয়েলারির ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, রাতে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে আসতে বলেন। পরিবারের সদস্যরা সন্দেহ করলেও কৌশলে তাকে বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে হত্যা করেছে তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা জানান, প্রাণতোষ কর্মকার দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করে আসছিলেন এবং তেমন কোনো বিরোধের খবর ছিল না। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নরসিংদী জেলা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।