খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিরাপদে নেওয়ার প্রস্তুতি
খুলনা ব্যুরো
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা, জগন্নাথ, কৃষি গুচ্ছ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৬, ১৩ ও ২০ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও নিরাপদ পরীক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ৩ ডিসেম্বর বুধবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছে। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, পরিবহন পুলের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জ পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব-৬, এনএসআই, সিআইডি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা পরীক্ষা নিরাপদে সম্পন্ন করার আশ্বাস দেন।
উপাচার্য আশা প্রকাশ করেন, বিগত বছরের মতো এবারও সকল বাহিনীর সমন্বয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে।