সংবাদ শিরোনাম

খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

৩ ডিসেম্বর বুধবার ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মনজুর হোসেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব)। তিনি বলেন, সরকারি দপ্তরের সেবা ও কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করলে টেকসই উন্নয়ন সহজ হবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে বিভিন্ন এলাকা ও খাত চিহ্নিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এসডিজি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে দেশের পাঁচটি উপজেলাকে মডেল হিসেবে নির্বাচিত করা হয়েছে। বিশেষভাবে খুলনার ডুমুরিয়া উপজেলার একটি গ্রামকে জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে পাইলটিং হিসেবে নির্বাচন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান সুমন দাস। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন, অগ্রাধিকার খাত নির্ধারণ, স্বল্পমেয়াদী উন্নয়ন কর্মসূচি প্রণয়ন এবং এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করা।