ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঠেলে দিল ৩০ বাংলাদেশিকে
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
তেঁতুলবাড়িয়া বিওপির হাবিলদার মোহাম্মদ আলি জানান, BSF তাদের মথুরাপুর মাঠপাড়ায়, বাংলাদেশের সীমান্তরেখার আনুমানিক ১০০ গজ ভেতরে ঠেলে পাঠায়। ঠেলেপাঠানো ব্যক্তিরা প্রায় পাঁচ বছর ধরে জীবিকার তাগিদে ভোমরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতের হুগলী ও সাতরাগাছিসহ বিভিন্ন জায়গায় কাজ করতেন। চলতি বছরের ১ ডিসেম্বর BSF তাদের ১৪৩/হাকিমপুর চেকপোস্টে আটক করে।
ঠেলেপাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছে খুলনার কয়রা থানার আবু দাউদ সানা, তার স্ত্রী সাজেদা খাতুন ও ছেলে সুমন আজাদ; তেরখাদা থানার শহিদুল গাজী, নাসির গাজী; যশোরের শাহাদাত আলী, তার মেয়ে মোসাম্মৎ সুফিয়া বিবি ও ছেলে আসি কালে; সাতক্ষীরার রেশমা পারভীন, মরিয়ম খাতুন, জান্নাতি খাতুন; এবং অন্যান্য জেলার আরও বেশ কয়েকজন পুরুষ, নারী ও শিশু।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়ার পর ঠেলেপাঠানো ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা গুরুত্ব পেয়েছে।