সংবাদ শিরোনাম

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি-- ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন   |   জেলার খবর

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি-- ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

 রতন প্রধান, শ্রীপুর, গাজীপুর:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মবিরতির কারণে রোগীদের বিভিন্ন পরীক্ষাসেবা ব্যাহত হয় বলে জানা গেছে। চিকিৎসাসেবা অব্যাহত থাকলেও প্যাথলজি, এক্স-রে, ডেন্টাল ও ফার্মেসি বিভাগে সেবা পেতে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য ঘোষিত ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তারা নিজেদের ন্যায্য অধিকার আদায়ে কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন।

এ সময় বক্তারা অবিলম্বে গ্রেড বাস্তবায়নসহ সমান মর্যাদা, পদোন্নতি কাঠামো সংস্কার ও প্রণোদনা সুবিধা নিশ্চিতের দাবি জানান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।


স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, কর্মবিরতির কারণে কিছু সেবা ব্যাহত হলেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যার সমাধান করা না গেলে রোগীসেবা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের ভোগান্তি চরমে উঠেছে বলে জানিয়েছেন চিকিৎসা নিতে আসা সেবা–প্রত্যাশীরা।