কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ডরমিটরি ভবনের নিচে কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুনসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী ভাষণে মোঃ মঈনুল হক বলেন, “শারীরিক ও মানসিক প্রশান্তি আনতে এবং কর্মজীবনে গতিশীলতা বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রতিযোগিতা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।”
এবারের প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে দাবা, ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) এবং লুডু (শুধুমাত্র মহিলাদের জন্য - একক ও দ্বৈত)। অফিসার্স এসোসিয়েশন সকলের সহযোগিতা কামনা করেছে যাতে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।