সংবাদ শিরোনাম

সাবেক ইউপি সদস্য নবাব আর নেই বিএনপির বিভাগীয় নেতা অমিতের শোক

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর

সাবেক ইউপি সদস্য নবাব আর নেই বিএনপির বিভাগীয় নেতা অমিতের শোক

খুলনা ব্যুরো :

যশোরের কিসমত নওয়াপাড়ার সাবেক ইউপি সদস্য ও জেলা যুবদলের সাবেক নেতা রবিউল ইসলাম নবাব ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই সিরাজ।

দেড় মাস আগে জামিনে মুক্তি পাওয়া নবাব প্রায় ১৫ দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় প্রথমে তাঁকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নবাব নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ সন্ধ্যায় তাঁর মরদেহ যশোরে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে। তাঁর মৃত্যুতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নবাব যশোরের যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন।