সোনারগাঁওয়ে কোকো স্মৃতি ক্রিকেট ফাইনালে বড় জয়
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–১”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাচঁপুর রায়েরটেক এলাকায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী আ: বারী শামীম হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কেন্দ্রীয় জাতীয়তাবাদী তরুণ দলের সাংগঠনিক সম্পাদক হানিফ হক, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাইটি তরুণ সংঘ ও আর আর স্পোর্টস। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে আর আর স্পোর্টস ১৭৮ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাইটি তরুণ সংঘ মাত্র ৮০ রানেই অলআউট হয়ে পড়ে।
ফলে ৯৮ রানের বিশাল ব্যবধানে আর আর স্পোর্টস বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।