মেহেরপুরে সাংবাদিকের ওপর হামলা: বিজেপিসির তীব্র নিন্দা

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর

মেহেরপুরে সাংবাদিকের ওপর হামলা: বিজেপিসির তীব্র নিন্দা

খুলনা ব্যুরো :

২৭ নভেম্বর বৃহস্পতিবার মেহেরপুরে গ্লোবাল টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল–১৯ এর সহযোগিতায় গঠিত সংগঠনটি এক বিবৃতিতে তা জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি রাস্তা দখল করে নির্মাণকাজ চলায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সংবাদ সংগ্রহে যান সাংবাদিক মাহবুবুল হক পোলেন। এ সময় হাবিব ইকবাল তার ওপর চড়াও হয়ে অফিসিয়াল মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেন এবং ধারণ করা ছবি–ভিডিও মুছে ফেলেন। সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

ঘটনার পর পোলেন মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।বিবৃতিতে বিজেপিসি বলেছে, সাংবাদিকের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা ও তথ্য নষ্ট করা—সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘনের সামিল। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় সংগঠনটি।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মুক্ত গণমাধ্যম রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বিজেপিসি।

বিবৃতিতে স্বাক্ষর করেন—সংগঠনের সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এসএ টিভির রকিবুল ইসলাম মতি, যুগ্ম সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement
Advertisement
Advertisement