যশোরে মামলা তুলতে চাপ, আইনজীবীকে হুমকির অভিযোগ

অনলাইন ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

জেলার খবর

যশোরে মামলা তুলতে চাপ, আইনজীবীকে হুমকির অভিযোগ

খুলনা ব্যুরো :

যশোরে মামলা প্রত্যাহার না করায় এক আইনজীবীকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মীর ফিরোজ হাসান শনিবার (২২ নভেম্বর) রাত ৮টায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর–১৯৬৬।

জিডিতে তিনি উল্লেখ করেন, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ধানঘাটা গ্রামের শাহজালাল ওরফে সাগর, তার শ্বশুর নিকমল মোড়ল ও বন্ধু আক্তার হোসেনের বিরুদ্ধে আমলী আদালতে তিনটি মামলা চলছে। এসব মামলা তুলে নিতে শনিবার সকালে সাগর ফোন করে চাপ দেন। অভিযোগ অনুযায়ী, মামলা না তুললে ডিবি পুলিশের মাধ্যমে হয়রানি, মিথ্যা মামলায় জড়ানো এবং তাকে ও তার পরিবারকে মারধরের হুমকিও দেওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে শাহজালাল ওরফে সাগর দাবি করেন, “বিষয়টি সমঝোতার জন্য অনুরোধ করেছি, কোনো হুমকি দিইনি।” তিনি উল্টো অভিযোগ তোলেন যে, আইনজীবী ফিরোজই তাকে ভয়ভীতি দেখিয়েছেন।

অ্যাডভোকেট ফিরোজ আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রয়াত আরশাদ আলীর ছেলে। তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহসভাপতি।