রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্ব: চাচাতো ভাইদের হাতে দুই ভাই খুন, আহত নারী
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি সংক্রান্ত দ্বন্দ্বে চাচাতো ভাইদের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত এক ভাইয়ের স্ত্রী। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ রক্তাক্ত ঘটনা ঘটে।
দুই ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকে বলেন, পারিবারিক বিরোধের এমন পরিণতি গ্রামের মানুষকে হতবাক করেছে। নিহতরা হলেন— চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের দুই ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং শাকিল মিয়া (২০)। তাঁরা পেশায় রাজমিস্ত্রী ও মিশুকচালক ছিলেন। আহত মনিরা বেগম (৩৫) হোরা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে হোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তাঁর ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭ শত টাকা ধার নেন। আউয়াল ও তাঁর দুই ছেলে রিপন মিয়া ও শিপন মিয়া আবু তাহেরের বাড়ির অর্ধ শতাংশ জমি নিজেদের দাবি করে আসছিলেন।
বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমাজপতিরা আবু তাহেরের পক্ষে রায় দেন। এতে ক্ষুব্ধ হয়ে রিপন ও শিপন দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর।
শনিবার দুপুরে প্রবাসফেরত রিপন ও তার ভাই শিপন কয়েকজন সহযোগীকে নিয়ে জোর করে জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হোরা মিয়া, শাকিল ও তাদের স্ত্রী মনিরা বেগমের ওপর হামলা চালানো হয়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধকেই এ হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।