গল্লামারী মোড়ে ডাস্টবিন অপসারণ ও ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
খুলনা ব্যুরো :
খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী মোহাম্মদ নগর মোড়ে দীর্ঘদিন ধরে থাকা ময়লার ডাস্টবিন অপসারণ ও বাজারের ময়লা পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন বৃহত্তর আমরা খুলনাবাসী। ৩ নভেম্বর সোমবার বিকেল ৩টায় সংগঠনের নেতৃবৃন্দ বাটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ডাস্টবিন থেকে ছড়িয়ে পড়া পচা দুর্গন্ধ ও বর্জ্যর কারণে গল্লামারী বাজার, আশপাশের বসতবাড়ি এবং প্রধান সড়কে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া বাজারের বাথরুমের পানি মেইন রোডে প্রবাহিত হয়ে সড়ক ক্ষতি ও পরিবেশ দূষণ সৃষ্টি করছে।
স্মারকলিপি গ্রহণের পর ইউএনও এস. এম. মোস্তাফিজুর রহমান নেতৃবৃন্দকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশ্বাস দেন—“আগামী সাত কর্মদিবসের মধ্যে ড্রেন নির্মাণের কাজ শুরু হবে, পাশাপাশি ডাস্টবিন দ্রুত স্থানান্তর করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. জামাল মোড়ল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, ও উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।