খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
খুলনা ব্যুরো প্রধান :
পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ১ নভেম্বর শনিবার খুলনায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
দিবসটি উপলক্ষে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। দিবসের প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী।
স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন। এছাড়া বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, এবং সমবায়ী বিষ্ণুপদ রায় ও মোঃ মারুফ বিল্লাহ।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ছয় জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও দুইজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।