সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় মাদক মামলায় নারী ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন   |   জেলার খবর

সাতক্ষীরায় মাদক মামলায় নারী ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মাসুদ আল হাসান, প্রতিনিধি

সাতক্ষীরায় মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

১৫ অক্টোবর বিকেলে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খাদিজা বেগম, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

মামলার নথিতে জানা যায়, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে শহরের নারিকেলতলা এলাকা থেকে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খাদিজা বেগমকে গ্রেপ্তার করেন। তখন তিনি ফেন্সিডিল নিয়ে খুলনায় যাওয়ার জন্য নারিকেলতলা মোড়ে বাসের অপেক্ষায় ছিলেন।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপরিদর্শক বেলায়েত হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. মোস্তফা জামান। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।