নতুন বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে: শিবির সভাপতি

অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

জেলার খবর

নতুন বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে: শিবির সভাপতি

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, মানুষ হত্যা ও গুম করেছে—ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জুলুম-নির্যাতন, লুটপাট ও অন্যায় থাকবে না।”

১৩ অক্টোবর সোমবার  সকালে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও শহর শাখার যৌথ আয়োজনে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫–২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির এমন এক শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ সমাজ গড়ে তুলতে চায়, যারা নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। দুর্নীতি, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবির সভাপতি আল মামুন, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম এবং বর্তমান সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়, তবে সংগঠন সম্পর্কে জানা ও সঠিক দিকনির্দেশনা গ্রহণ করা জরুরি। শিবির শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়, লক্ষ্য স্থির করতে সহায়তা করে এবং সফলতার পথে পরিচালিত করে।”

নারীর অধিকার বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী বলা নিছক অপপ্রচার। সংগঠনটি নারী শিক্ষার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনা বিষয়ে আলোচনা হয়। এতে কলেজের শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।