জামায়াতে ইসলামীর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
খুলনা প্রতিনিধি :
খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১২ অক্টোবর রবিবার সকালে ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে জামায়াতে ইসলামী ৫ দফা দাবি উপস্থাপন করে, যার মধ্যে রয়েছে: জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণ।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ স্মারকলিপি হস্তান্তরের সময় বলেন, “জাতির ক্রান্তিলগ্নে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়া জরুরি। সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাব হলো, সংবিধান আদেশ জারি এবং প্রয়োজনে নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা।”
স্মারকলিপি হস্তান্তরের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা জামায়াতে ইসলামের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগরী নেতৃবৃন্দ, সহকারী সেক্রেটারি, উপজেলা আমীর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী মনে করে, জুলাই-অগাস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুরু করেছে। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।