খুলনায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো পিতার
খুলনা জেলা প্রতিনিধি
খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফেরিওয়ালা লিটন খান (৪৫)। নেশার টাকার জন্য ক্ষুব্ধ হয়ে নিজের পিতা হত্যার অভিযোগ উঠেছে ছেলে আবু বকর লিমন (১৭)-এর বিরুদ্ধে। ২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ বিক্রেতা লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকার মধ্যে ২০ হাজার টাকা দাবি করে লিমন। কিন্তু ছেলের মাদকাসক্তির কারণে টাকা দিতে অস্বীকার করেন পিতা।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, ঘটনার সময় লিটনের স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে লিমন ও তার স্ত্রী চাঁদনী মিলে পরিকল্পিতভাবে লিটনকে হত্যা করে।
প্রথমে শ্বাসরোধ করা হয়, পরে ধারালো বটি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যার পরপরই দুজনেই পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি কবির হোসেন।
এই ঘটনার পর স্থানীয়রা বলছেন, এলাকায় মাদকের কারণে পারিবারিক অশান্তি ও অপরাধ দিন দিন বাড়ছে।