যশোরে ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা জিয়ালতলা এলাকায় আজ ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে ২৭ বছর বয়সী ইয়াসমিন খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ইয়াসমিন ওই এলাকার একজন স্থানীয় সমিতির সদস্য।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, সমিতির কর্মকর্তারা কিস্তির টাকা নেওয়ার জন্য ইয়াসমিনকে ডাকলে তার শাশুড়ি নাছিমা বেগম জানান যে তিনি ঘরে আছেন। জানালা দিয়ে তাকালে দেখা যায় ইয়াসমিন গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরিবারের অন্যান্য সদস্য এসে তাকে দ্রুত খুলনা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে তার মৃত্যু হয়।
মেডিক্যালের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে গলায় বামপাশে থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে ইয়াসমিনের শাশুড়ির সঙ্গে মনোমালিন্য থাকায় হয়তো এই ঘটনা ঘটতে পারে।
বর্তমানে ইয়াসমিনের মৃতদেহ তার পিতার বাড়িতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।