বাংলাদেশ সিরিজে চার নতুন মুখ নিয়ে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অন্তর্ভুক্ত এই সিরিজে নেতৃত্বে থাকছেন অধিনায়ক শান মাসুদ।
এই সিরিজের জন্য দল গঠনে অভিজ্ঞতার পাশাপাশি নতুনদের ওপরও আস্থা দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সফরকারী দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন চার অনভিজ্ঞ ক্রিকেটার— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও গাজী ঘোরি।
বাঁহাতি ব্যাটার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইস ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে বোলিং অলরাউন্ডার আমাদ বাট দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন। উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘোরি এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেকের অভিজ্ঞতা অর্জন করেছেন।
নতুন মুখের পাশাপাশি দলে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, নোমান আলী, সাজিদ খান ও সালমান আলী আগার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা, যারা বাংলাদেশ সফরে পাকিস্তানের মূল শক্তি হিসেবে বিবেচিত হবেন।
সফরের আগে পাকিস্তান সুপার লিগে অংশ না নেওয়া ক্রিকেটাররা ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত করাচিতে লাল বলের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। একই সঙ্গে বাংলাদেশ সফরের জন্য কোচিং স্টাফও চূড়ান্ত করেছে পিসিবি। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে প্রধান কোচ করা হয়েছে। তাকে সহায়তা করবেন ব্যাটিং কোচ আসাদ শফিক ও বোলিং কোচ উমর গুল।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড-শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
সিরিজ সূচি-প্রথম টেস্ট: ৮–১২ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং দ্বিতীয় টেস্ট: ১৬–২০ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।