ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ: সাও পাওলোতে সরাসরি কনসুলার সেবা
শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি:
সাও পাওলো: ব্রাজিলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সাও পাওলোতে সরাসরি মোবাইল কনসুলার সেবা কার্যক্রম চালু করেছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করেছেন।
দূরত্ব এবং সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক প্রবাসী রাজধানী ব্রাসিলিয়ার দূতাবাসে এসে সেবা নিতে পারেন না। এই বাস্তবতা বিবেচনা করে দূতাবাস সরাসরি সেবা কার্যক্রম চালু করেছে, যা প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েছে।
এই কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল: পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট আবেদন, পাওয়ার অফ অ্যাটর্নি, জন্ম নিবন্ধন, অন্যান্য গুরুত্বপূর্ণ কনসুলার সেবা! সাও পাওলোসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা উপস্থিত হন। দিনব্যাপী কার্যক্রমটি ছিল উৎসবমুখর, যেখানে প্রবাসীরা একে অপরের সঙ্গে মিলিত হন, অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং সরকারি সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাসিম উদ্দিন, কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলিয়া, এবং সহকারী হিসেবে ছিলেন মিজানুর রহমান মিজান ও রুবেল সিকদার অরুণ।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও ডেপুটি হেড অব মিশন মোহাম্মদ জাসিম উদ্দিন বলেন, “প্রবাসীদের কাছে সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা চাই, দেশের নাগরিকরা যেখানেই থাকুন না কেন, তারা যেন সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে পারেন। সাও পাওলোতে এই কনসুলার কার্যক্রম প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
সেবা গ্রহণকারী এক প্রবাসী জানান,“আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। ব্রাসিলিয়ায় না গিয়েই এখানে সব সেবা পাওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সরাসরি কনসুলার সেবা কার্যক্রম চালানো হবে।