নসিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন   |   খেলাধুলা

নসিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

খেলাধুলা ডেস্ক :

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের  ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখল রংপুর বিভাগ।প্রথমে ব্যাট করতে নেমে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৬ রান। রংপুরের শৃঙ্খলিত বোলিংয়ের সামনে খুলনার ব্যাটাররা ছিলেন অসহায়। ইনিংসের প্রথম ওভারেই ইমরানুজ্জামানকে শূন্য রানে ফেরান স্পিনার নাসুম আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।


পাওয়ারপ্লেতে খুলনার সংগ্রহ মাত্র ১৯ রানযা ম্যাচের গতিপথ অনেকটা নির্ধারণ করে দেয়। অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৩২ বলে ৪৪) কিছুটা প্রতিরোধ গড়লেও অন্যপ্রান্তে কেউই টিকতে পারেননি। মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করে ইনিংসের শেষভাগে খানিক গতি নেন। তবুও স্কোরবোর্ডে থামে ১৩৬ রানে।

রংপুরের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তরুণ স্পিনার আব্দুল্লাহ আল মামুন, নিয়েছেন ২টি উইকেট। নাসুম আহমেদ, আবু হাসিম, ইকবাল হোসেন, এনামুল ও আলাউদ্দিন বাবু পান একটি করে উইকেট।

১৩৭ রানের লক্ষ্য তাড়ায় রংপুরের ব্যাটারদের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার নাসির হোসেন (৩১ বলে ৪৬) ও জাহিদ জাভেদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই আসে ৫৫ রান। এরপর অধিনায়ক আকবর আলী (৩১ বলে অপরাজিত ৩৬) ঠাণ্ডা মাথায় ইনিংস চালিয়ে নিয়ে যান। নাইম ইসলাম যোগ করেন ১৫ বলে ১৯ রান।

শেষ পর্যন্ত ১৯ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর বিভাগ, আর সেই সঙ্গে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরেও ট্রফি নিজের করে নেয় আকবর আলীর দল।



ম্যাচের সারসংক্ষেপ:

খুলনা বিভাগ: ১৩৬/৮ (২০ ওভার)

রংপুর বিভাগ: ১৩৮/২ (১৬.৫ ওভার)

ফলাফল: রংপুর বিভাগ ৮ উইকেটে জয়ী

Advertisement
Advertisement
Advertisement