আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ; বিশ্বের কয়েকটি অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার
ডেক্স নিউজ:
আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান করায় সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল হয়ে যাবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলায় সাময়িক অন্ধকার নেমে আসবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর পৃষ্ঠে পড়ে। এ অবস্থায় নির্দিষ্ট অঞ্চল থেকে সূর্যকে সম্পূর্ণরূপে আড়াল হতে দেখা যায়, যা জ্যোতির্বিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচিত।
এবারের পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকা থেকে। এসব অঞ্চলে ‘টোটালিটি’ বা সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার সময় দিনের আকাশ অল্প সময়ের জন্য রাতের মতো অন্ধকার হয়ে যাবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। অন্যদিকে স্পেনের মূল ভূখণ্ডে এমন বিরল ঘটনা সর্বশেষ পর্যবেক্ষণ করা হয়েছিল ১৯০৫ সালে।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ডে পর্যবেক্ষকরা দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। তবে উত্তর স্পেনের কিছু অঞ্চলে এ দৃশ্যের স্থায়িত্ব হবে প্রায় ২০ সেকেন্ড।
এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। এসব অঞ্চলে চাঁদ সূর্যের একটি অংশকে আড়াল করবে, ফলে সূর্যের আকার আংশিকভাবে খণ্ডিত দেখা যাবে।
নাসার তথ্যমতে, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হবে ২০২৭ সালের ২ আগস্ট। ওই গ্রহণ দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন অঞ্চল থেকে পর্যবেক্ষণ করা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যথাযথ সুরক্ষা ছাড়া খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি চোখের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন সৌর-ফিল্টারযুক্ত বিশেষ চশমা বা অনুমোদিত পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।