পৌরসভার নোটিশের পরও বহুতল ভবন নির্মাণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের মাঝপাড়ায় বহুতল ভবন নির্মাণ ছবি: নিজস্বমোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া এলাকায় অনুমোদিত নকশা ছাড়া বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ বন্ধ রাখতে পৌরসভা থেকে লিখিত নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, মাঝপাড়া এলাকার বাসিন্দা জাবের আল মাহমুদ হাসান মোনাফ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক এবং সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আজিজুর রহমান, তাঁর ছেলে এসারুল, নাসিরুল ও সিমার বিরুদ্ধে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেছেন, ভবন নির্মাণের সময় চলাচলের রাস্তা ও পাশের জমির অংশ দখলের চেষ্টা করা হচ্ছে। নির্মাণকাজে বাধা দিতে গেলে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এদিকে, গত ২১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষর করা একটি নোটিশে আজিজুর রহমানকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ওই নোটিশ জারির পরও ভবন নির্মাণের কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্য, অনুমোদন ও পৌরসভার নির্দেশনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে চলাচলের পথ ও আশপাশের জমি নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে। তাই দ্রুত নির্মাণকাজ বন্ধ করে বিষয়টি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।
আরো জানতে ----