সংবাদ শিরোনাম

স্বাস্থ্যসেবা মানসম্মত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বয়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন   |   জাতীয়

স্বাস্থ্যসেবা মানসম্মত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বয়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ এবং সংবর্ধনা' অনুষ্ঠানে ফার্মাসিস্টদের সম্মাননা প্রদান করেন ।-পিআইডি

ঢাকা প্রতিনিধি:

স্বাস্থ্যসেবাকে উন্নত ও মানসম্মত করতে চিকিৎসক ও ফার্মাসিস্টদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। রোগীদের চিকিৎসাসেবার মান নিশ্চিত করলেই হবে না, নিরাপদ ও কার্যকর ওষুধও নিশ্চিত করতে হবে। এছাড়া, দক্ষ ফার্মাসিস্ট তৈরি এবং স্বাস্থ্য খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনকে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আজ ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ফার্মাসি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফার্মাসি বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণকে তিনি দেশের সামগ্রিক অগ্রগতির জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের উৎপাদিত ওষুধ ১৬০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দেশের ওষুধের চাহিদা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থানকে আরো শক্তিশালী করতে ফার্মাসিস্টদের গবেষণা, পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।

চিকিৎসক ও গণমাধ্যমের সম্পর্ক নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম ও চিকিৎসক একে অপরের প্রতিপক্ষ নয়। স্বাস্থ্য খাতের সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে প্রকাশিত হলে তা চিহ্নিত করে সংশোধনের সুযোগ তৈরি হবে। এতে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সহজ হবে। তিনি করোনা ভাইরাসের মতো বিভিন্ন মহামারির সময়ে  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার কথা স্মরণ করেন এবং তাদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক  উপস্থিত ছিলেন ।