সংবাদ শিরোনাম

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের প্রধান শক্তি: এলজিআরডি মন্ত্রী

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন   |   জাতীয়

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের প্রধান শক্তি: এলজিআরডি মন্ত্রী

নরসিংদী প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের আস্থা ও সহযোগিতাকে সরকারের কাজের অন্যতম প্রধান শক্তি।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা, সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সহায়তা এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কাজ করছে। সরকারি কার্যক্রমে কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভুল-ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত করা সম্ভব।

এলজিআরডি মন্ত্রী বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শেষে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছয় দরিয়া বিলে পোনামাছ অবমুক্ত করেন। এসময় তিনি বলেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। তিনি আরো বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মাছ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সময় পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দেশের বিভিন্ন জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান।