কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ; অংশ নিচ্ছে ১৯ বিশ্ববিদ্যালয়
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় (কুয়েট)-এ ১৬ মে শনিবার শুরু হয়েছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫–২০২৬’। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, দাবা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, ধৈর্য ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা ও কৌশলগত দক্ষতা অর্জন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ হাসান আলী বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাহমুদুল আলাম। এছাড়া বক্তব্য রাখেন রাজন কুমার রাহা, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ মাহবুবুল আলম।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।