যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান সরকারের রাজনৈতিক অঙ্গীকার
মাসুদ আল হাসান, খুলনা :
যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার কার্যকর ও স্থায়ী সমাধান বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ভবদহ সমস্যার সমাধান সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং এ লক্ষ্যে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হচ্ছে।
১৬ মে শনিবার সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর সহযোগিতায় ভবদহ এলাকার পানি নিষ্কাশন উন্নয়ন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা-পশুর নদী অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) পদ্ধতির মধ্যেই ভবদহ সমস্যার টেকসই সমাধান নিহিত রয়েছে। তবে বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত জনগণের আস্থা অর্জন জরুরি। যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা গেলে দ্রুত সমাধান সম্ভব বলে তিনি মত দেন।
কর্মশালায় জানানো হয়, ভবদহ ও বিল ডাকাতিয়া অঞ্চলে নদীতে অতিরিক্ত পলি জমা এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে কয়েক যুগ ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতীতে টিআরএম কার্যক্রম আংশিক সুফল দিলেও নানা কারণে তা বন্ধ হয়ে যায়। ২০২১ সালে ভবদহ রেগুলেটরে ২০টি পাম্প স্থাপন করা হলেও সাম্প্রতিক অতিবর্ষণ পরিস্থিতি স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।
২০২৫ সালের এপ্রিল মাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে আইডব্লিউএমকে সম্ভাব্যতা সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়। যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলাজুড়ে প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকায় নদী, খাল ও বিলের জরিপসহ পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে।
সমীক্ষায় নদী ও খাল পুনঃখনন, অতিরিক্ত পাম্প স্থাপন, পাইলট চ্যানেল খনন, পুনরায় টিআরএম চালু, প্লাবনভূমি দখলমুক্তকরণ এবং ভবদহ রেগুলেটরের পরিবর্তে সেতু নির্মাণসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় সংসদ সদস্য গোলাম রাছুল, গাজী এনামুল হক ও খন্দকার আজিম আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ভবদহ ও বিল ডাকাতিয়া অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার টেকসই সমাধান সম্ভব হবে।