বাগেরহাটে ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ১
খুলনা ব্যুরো :
বাগেরহাট শহরে মামাতো ভাই আব্দুল্লাহর ছুরিকাঘাতে ফুফাতো ভাই মো. আম্মার (১৮) ন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আলী আব্দুল্লাহ (২৩)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্বজনরা।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে বাগেরহাট শহর-এর বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। আটক আব্দুল্লাহ নিহতের মামাতো ভাই এবং শহরের সাহাপাড়া এলাকার বাসিন্দা মাহমুদ উন্নবীর ছেলে।
পুলিশ জানায়, রাতে আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে এসে খাবার শেষে আম্মারের সঙ্গে দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে আম্মারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন জানান, দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।