খুলনায় ২ দিনব্যাপী শিশু আইন বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
খুলনা ব্যুরো :
নগরীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফের সহযোগিতায় দুই দিনব্যাপী “শিশু আইন ২০১৩-কার্যকর বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার (১৫ মে) সকালে শুরু হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা।
বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শিশু ও কিশোরদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রতি মানবিক ও শিশুবান্ধব আচরণ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। তিনি জানান, কেএমপি’র প্রতিটি থানায় নারী ও শিশু ডেস্ক ও ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে শিশু সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু শামীম আজাদ, সিনিয়র জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ; অনিন্দিতা রায়, পরিচালক (উপসচিব), বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা; সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, জাস্টিস ফর চিল্ড্রেন এসএআরসি প্রকল্পসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শিশু আইন বাস্তবায়ন, শিশু অধিকার সুরক্ষা ও শিশু বান্ধব বিচারব্যবস্থা বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন করা হবে।