সুন্দরবনে বন্দুকযুদ্ধ, অস্ত্র,গুলি ও ওয়াকিটকি সহ ৩ বনদস্যু আটক

 প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে বন্দুকযুদ্ধ, অস্ত্র,গুলি ও ওয়াকিটকি সহ ৩ বনদস্যু আটক

খুলনা ব্যুরো :

সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ কুখ্যাত করিম শরীফ বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১৫ মে শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলমান রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মে বিকাল থেকে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কোকিলমনি যৌথভাবে দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া করে করিম শরীফ বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, দুটি ওয়াকিটকি ও চারটি চার্জার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মো. মেহেদী হাসান (২৫), মো. রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. এনায়েত (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় জব্দ অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement