শার্শায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

 প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন   |   খুলনা

শার্শায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে  দুই বন্ধু নিহত

খুলনা ব্যুরো :

যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে নাভারন–সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উলাশী গ্রামের তোজাম্মেল হোসেন (৪০) ও শাহিন আলম (৪২)। তারা সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলযোগে উলাশী থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন তারা। খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে নাভারন হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটি আটক করে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement
Advertisement
Advertisement