রামপালে সরকারি খাল ভরাটের অভিযোগ, জমিতে প্রবেশপথ বন্ধ
খুলনা ব্যুরো :
বাগেরহাটের রামপাল উপজেলার টেংরামারি মৌজায় সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল ভরাট করে ঘর ও পাকা গেট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জমির মালিকরা তাদের জমিতে যাতায়াতের একমাত্র পথ হারিয়ে ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী রোমিছা খাতুন, রমলা বালা হালদার ও সুদীপ মন্ডলসহ কয়েকজন জমির মালিক প্রতিকার চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম বরাবর লিখিত আবেদন করেছেন।
আবেদনে বলা হয়, টেংরামারি মৌজার আর.এস. ১৪০ নম্বর খতিয়ানভুক্ত ১০৯ দাগের জমির তিন পাশ ঘিরে রয়েছে সরকারি ঠালনতলা খাল এবং অপর পাশে রয়েছে মহাসড়কের লেক ও রেললাইন। দীর্ঘদিন ধরে খালটি ছিল জমিতে যাতায়াতের স্বাভাবিক পথ।
অভিযোগ রয়েছে, ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন সরকারি খালটি বালু দিয়ে ভরাট করে সেখানে ঘর ও গেট নির্মাণ করেছেন। এতে প্রায় ৮২ শতাংশ জমিতে প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় জমির মালিকরা চাষাবাদসহ কোনো কাজে জমি ব্যবহার করতে পারছেন না।
ভুক্তভোগীরা জানান, বিভিন্ন দপ্তরে আবেদন ও আইনি উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা হয়নি।
সম্প্রতি প্রতিমন্ত্রীর প্যানেল শালিশ বোর্ডের সদস্যরা উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করেন। শুনানিতে খালের একটি বড় অংশ ভরাট করে দখলের বিষয়টি উঠে আসে বলে জানা যায়।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্থানীয় প্রতিনিধি সরদার পারভেজ জানান, জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন।
এদিকে সরকারি খাল দখলমুক্ত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।