প্রধানমন্ত্রী চৌগাছার তরুণ উদ্ভাবকের স্মার্ট কারে চড়ে মুগ্ধ

 প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন   |   খুলনা

প্রধানমন্ত্রী চৌগাছার তরুণ উদ্ভাবকের স্মার্ট কারে চড়ে মুগ্ধ

খুলনা ব্যুরো :

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ পরিদর্শন করে তার সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাক্ষাতে তিনি তরুণ উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে ওয়াকিমুল ইসলাম তার তৈরি ‘এ টু আই স্মার্ট কার’ চালিয়ে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ব্যয়ে এমন উদ্ভাবনী বাহন তৈরি করায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান এবং আরও আধুনিক ও ব্যবহারবান্ধব সংস্করণ তৈরির পরামর্শ দেন। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াকিমুল জানান, নিজে স্বাধীনভাবে চলাচল করার প্রয়োজন থেকেই তিনি গাড়িটি তৈরির চিন্তা করেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্ক মানুষের চলাচলেও এটি সহায়ক হতে পারে বলে জানান তিনি।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement