যশোরে স্বর্ণ উদ্ধার সহ ৩ পাচারকারী আটক
খুলনা ব্যুরো :
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার সহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০ নম্বরের একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলো গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় রাখা ছিল। পাশাপাশি গাড়িটি, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা বলে জানায় বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরতলা গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।