কেসিসির ১২তম সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন   |   খুলনা

কেসিসির ১২তম সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

নগর উন্নয়নে নতুন দিগন্ত

     ________


খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সার্বিক কার্যক্রম পরিচালনা কমিটির ১২তম সভা ৫ মে মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাজস্ব আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যারেজ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হবে। পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করে ট্রেন্সিং গ্রাউন্ডের আশপাশে আবাসিক প্রকল্প গ্রহণে বিধিনিষেধ কার্যকর থাকবে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ড্রেনসমূহ পরিষ্কার ও পলি অপসারণের কাজ বর্ষার আগেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া লবণচরা এলাকার খাল ও রূপসা নদীর সংযোগ স্থাপনসহ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

যানজট কমাতে ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য ট্রাফিক বিভাগের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় ট্রেড লাইসেন্স নবায়নে চলতি অর্থবছরের জন্য সারচার্জ মওকুফ, বকেয়া বিজ্ঞাপন কর আদায়ে সময় বৃদ্ধি এবং বিদ্যুৎ বিল বকেয়া নিষ্পত্তিতে সুপারিশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

সভায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সীমিত সম্পদ নিয়ে নগরবাসীর সমস্যার সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক নগর ব্যবস্থাপনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement