মোরেলগঞ্জ বাজারে ৬ দোকানে আগুন ৩০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট
খুলনা ব্যুরো :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৫ মে) ভোররাত প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের যাত্রীরা প্রথমে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই বাজারের ছয়টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
ব্যবসায়ীদের ধারণা, ইলেকট্রনিক মালামাল ও ব্যাটারি চার্জিংয়ের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মন্ডল ও শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সী, টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত এবং গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে।