সংবাদ শিরোনাম

সৌদি উপহারের খেজুর খুলনায় পৌঁছেছে ------ জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা ও সিটি করপোরেশনে বিতরণ শুরু

 প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন   |   খুলনা

সৌদি উপহারের খেজুর খুলনায় পৌঁছেছে  ------  জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা ও সিটি করপোরেশনে বিতরণ শুরু

খুলনা ব্যুরো :

সৌদি সরকারের পাঠানো খেজুর খুলনায় পৌঁছেছে এবং তা উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় বণ্টন শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ত্রাণ মন্ত্রণালয় থেকে খেজুরগুলো খুলনায় পৌঁছায়। বুধবার সকালে সেগুলো খুলনা সিটি করপোরেশন এলাকায় পাঠানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি সরকারের আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিফিল সেন্টার  প্রতিবছর পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশে খেজুর উপহার হিসেবে পাঠায়। চলতি বছর বাংলাদেশে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর এসেছে। গত ১ মার্চ সেগুলো দেশের ৬৪ জেলায় বণ্টন করা হয়। এর মধ্যে খুলনা জেলার জন্য বরাদ্দ ছিল ১৮২ কার্টন।

তবে খুলনা জেলা প্রশাসন জানিয়েছে, তারা বাস্তবে পেয়েছে ১৭৮ কার্টন খেজুর। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল করিম জানান, মঙ্গলবার বিকেলে ১৭৮ কার্টন খেজুর বুঝে পাওয়া যায়। পরে মঙ্গলবার রাত ও বুধবার সকালে এসব খেজুর উপজেলা প্রশাসন ও খুলনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি অনুযায়ী তা বিতরণ করবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, খুলনা সিটি করপোরেশনে ৩২ কার্টন, ডুমুরিয়ায় ২৯, পাইকগাছায় ২১, দাকোপে ১৯, বটিয়াঘাটায় ১৫, কয়রায় ১৫, দিঘলিয়ায় ১৩, তেরখাদায় ১৩, রূপসায় ১২ এবং ফুলতলায় ৯ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীর সব এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে খেজুর সমানভাবে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে খেজুরের বরাদ্দ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন এলাকার মানুষ তাদের সংসদীয় এলাকার জন্য বরাদ্দকৃত খেজুরের তথ্য জানতে চাইছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছরই একইভাবে সৌদি আরব থেকে খেজুর আসে এবং নির্ধারিত বিধি অনুযায়ী তা বিতরণ করা হয়।