সংবাদ শিরোনাম

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমে ১,৫২৮ টাকা

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন   |   খুলনা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমে ১,৫২৮ টাকা

প্রতিদিনের দেশ ডেস্ক :

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

২ জুলাই বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ ঘোষণা দেয়। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) জুন মাসের প্রতি টন ৭৯৯ মার্কিন ডলার থেকে জুলাই মাসে ৫৯৩ ডলারে নেমে এসেছে। ফলে প্রতি টনে ২০৬ ডলার কমেছে এলপিজির ভিত্তিমূল্য। যদিও একই সময়ে ডলারের বিনিময় হার ২৭ পয়সা বেড়ে ১২৩ টাকা ৮ পয়সা হয়েছে। পাশাপাশি জাহাজ ভাড়া ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলারে নেমেছে।

এসব পরিবর্তনের ফলে প্রতি কেজি এলপিজির মূল্য জুন মাসের ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমে জুলাই মাসে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। এর প্রভাবেই ১২ কেজির সিলিন্ডারের দাম এক মাসের ব্যবধানে ৩৫৭ টাকা কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, কোম্পানি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের বিক্রয়মূল্য ১ হাজার ৪৩৩ টাকা, পাইকারি পর্যায়ে ১ হাজার ৪৮৩ টাকা এবং খুচরা পর্যায়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই অনুপাতে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস বিক্রি হবে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সায়।

Advertisement
Advertisement
Advertisement